ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আপিলের সিদ্ধান্ত  বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশ করা হবে। গত ১১ নভেম্বর শুরু হওয়া এই আপিলের শুনানি দশম দিনে শেষ হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সাতজন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেছেন।


বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। এরপর পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়।


বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রিভিউ আবেদন করেন। আদালত ২৭ আগস্ট লিভ মঞ্জুর করে আপিলের শুনানি ২১ অক্টোবর নির্ধারণ করে।


এর আগে, ১৭ ডিসেম্বর, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করে রায় দেন।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত চূড়ান্ত রায় বৃহস্পতিবার প্রকাশিত হবে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑